শিয়ালদহ ডিভিশনে অনুষ্ঠিত হলো ১৪০তম ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি (DRUCC) সভা


কলকাতা, ২৯ মে, ২০২৬, পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনে আজ সফলভাবে ১৪০তম ডিভিশনাল রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি (DRUCC) সভা অনুষ্ঠিত হয়। শিয়ালদহের রবীন্দ্র সভা কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা। সভাটি সঞ্চালনা করেন শ্রী সুনীল কুমার মাহালা, সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার/শিয়ালদহ। সভায় ডিভিশনের বিভিন্ন আধিকারিক ও DRUCC সদস্যদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সদস্যরা “RailOne” নামে ওয়ান স্টপ সলিউশন অ্যাপটির ভূয়সী প্রশংসা করেন এবং বৃহৎ পরিসরে এই অ্যাপটির প্রচারের পরামর্শ দেন। পাশাপাশি রেলের রাজস্ব ফাঁকি রোধে ডিভিশন জুড়ে আরও জোরদার টিকিট পরীক্ষার ওপর গুরুত্ব আরোপ করেন।
পশ্চিমবঙ্গ সরকারের (পরিবহণ দপ্তর) পক্ষ থেকে উপস্থিত DRUCC সদস্যদের একজন জানান যে, যাত্রী স্বার্থে রাজ্য প্রশাসন রেলকে সর্বতোভাবে সহযোগিতা করবে।
১৪০তম DRUCC সভায় শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন সাফল্য, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং যাত্রী সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
DRM/শিয়ালদহ ও অন্যান্য আধিকারিকরা DRUCC সদস্যদের উত্থাপিত সমস্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং যাত্রী কল্যাণে শিয়ালদহ ডিভিশনে ইতিমধ্যে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন।
সভায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলিও আলোচনায় উঠে আসে—
(ক) সমগ্র ডিভিশনে ৪০টি নতুন শহরতলি ট্রেন পরিষেবা চালু করা।
(খ) শিয়ালদহ-কৃষ্ণনগর ও শিয়ালদহ-বনগাঁ শাখায় ৫টি নতুন AC লোকাল পরিষেবা চালু করা।
(গ) গত এক বছরে ৩টি নতুন মেল/এক্সপ্রেস ট্রেন (জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস, কলকাতা-সাইরাং এক্সপ্রেস এবং শিয়ালদহ-বারাণসী অমৃত ভারত এক্সপ্রেস) চালু করা।
(ঘ) ১১টি শহরতলি ট্রেন পরিষেবার সম্প্রসারণ।
(ঙ) কল্যাণী ঘোষপাড়া স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে সম্পূর্ণরূপে গড়ে তোলা।
(চ) কল্যাণী স্টেশনে আধুনিক সমন্বিত টয়লেট কমপ্লেক্স নির্মাণ।
(ছ) শিয়ালদহ উত্তর স্টেশনে যাত্রী চলাচল সহজ করতে “প্রফুল্ল দ্বার” চালু করা।
এই প্রধান প্রকল্পগুলির পাশাপাশি, যাত্রী সুবিধা সংক্রান্ত বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ প্রকল্প নিয়েও বিশদ আলোচনা হয়। ২০২৫-২৬ অর্থবর্ষে মোট ৫৬টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার আর্থিক মূল্য ৫৭১.৮৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে ৪০টি নতুন ফুট ওভারব্রিজ (FOB), ২০টি নতুন বুকিং অফিস, আলোকসজ্জা, প্ল্যাটফর্ম উঁচু করা, প্ল্যাটফর্ম সম্প্রসারণ, প্ল্যাটফর্ম শেড, CIB ও TIB প্রদান, অপেক্ষাকক্ষের উন্নয়ন, স্যানিটেশন ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, উন্নত সাইনেজ এবং বিভিন্ন স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শ্রী রাজীব সাক্সেনা পুনরায় জানান যে, যাত্রীদের আরামদায়ক ও সুবিধাজনক ভ্রমণ নিশ্চিত করতে ডিভিশন বদ্ধপরিকর। তিনি আরও বলেন, DRUCC সদস্যদের উত্থাপিত সমস্যাগুলি রেল বোর্ডের নির্দেশিকা অনুযায়ী যথাযথভাবে বিবেচনা করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে, যদি তা বাস্তবসম্মত হয়। পাশাপাশি তিনি সদস্যদের কাছ থেকে নিয়মিত মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

Comments

Popular posts from this blog

মহিলা শিক্ষার্থীদের জন্য

দীর্ঘ প্রতীক্ষার পর সফলতা

'দরবারী পদাবলী'-তে গুরু-শিষ্য পরম্পরার অনবদ্য নজির কলকাতায়